ভক্তের শেষ ইচ্ছা রাখেননি যশ, যাননি শেষকৃত্যে

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা যশ। ‘কেজিএফ’ সিনেমা দিয়ে বিশ্বজুড়ে অনুরাগী গড়ে তোলা এই অভিনেতা বর্তমানে ব্যস্ত তার নতুন সিনেমা ‘টক্সিক’ নিয়ে। এরই মধ্যে আলোচনায় এসেছে তার কয়েক বছর আগের একটি ঘটনা।

ঘটনাটি হলো, সে সময় এক ভক্ত আত্মহত্যার আগে তার শেষকৃত্যে যশকে উপস্থিত থাকার আকুতি জানিয়েছিলেন। তবে সেখানে যাননি এই তারকা। অবশেষে সেই অনুষ্ঠানে না যাওয়ার পেছনে নিজের অবস্থানের কথা পরিষ্কার করেছেন অভিনেতা।

জানা যায়, ২০২১ সালে ভারতের কর্ণাটকের মান্ড্যা জেলার বাসিন্দা ২৫ বছর বয়সী রামকৃষ্ণ নামের এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। চিঠিতে নিজের জীবনের নানা ব্যর্থতার কথা উল্লেখ করার পাশাপাশি তিনি এক অদ্ভুত ইচ্ছার কথা জানান। বেঁচে থাকতে প্রিয় অভিনেতার দর্শন পাননি, তাই মৃত্যুর পর যেন যশ তার বাড়িতে যান এবং শেষকৃত্যে অংশ নেন। একই সঙ্গে কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকেও আসার আকুতি জানান তিনি।

রামকৃষ্ণের মৃত্যুর পর তার শেষ ইচ্ছা মেনে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শেষকৃত্যে হাজির হলেও যাননি যশ। বিষয়টি নিয়ে সে সময় বেশ আলোচনা হলেও নিজেকে এই আয়োজন থেকে সম্পূর্ণ দূরে রাখেন তিনি।

পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে নিজের সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দেন যশ। জানান, শেষকৃত্যে উপস্থিত হলে ভক্তদের কাছে ভুল বার্তা পৌঁছাতো। অনেকে মনে করতো, নিজের জীবন শেষ করে দিলেই প্রিয় তারকার দেখা বা দৃষ্টি আকর্ষণ করা সম্ভব। এই ধরনের নেতিবাচক প্রবণতাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয় বলেই তিনি এড়িয়ে গিয়েছিলেন।

যশ মনে করেন, ভক্তরা জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলা করে ভালো কিছু অর্জন করুক এবং তারপর তার সঙ্গে দেখা করতে আসুক। আত্মহত্যার মতো হঠকারী সিদ্ধান্ত কোনো সমস্যার সমাধান হতে পারে না।

প্রিয় তারকার এমন দায়িত্বশীল মনোভাব ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা ভক্তদের নজর কেড়েছে।

Related Articles

Back to top button