চট্টগ্রামে ১২ লাখ টাকার স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার ২, গলানো অলংকার উদ্ধার

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার একটি বাসার প্রধান দরজার তালা ভেঙে ১২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় দুই পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে চোরাই স্বর্ণ গলিয়ে তৈরি করা বিভিন্ন অলংকার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রহমত ওরফে হাসান (২৯) ও সাজ্জাদ হোসেন ওরফে অপূর্ব (২৭)। তারা দুজনই নগরের বায়েজিদ বোস্তামী এলাকার ড্রীমল্যান্ড আবাসিক এলাকায় বসবাস করতেন।

রোববার (১৬ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ২৬ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে চকবাজার থানার ডিসি রোডের কালাম কলোনীর হক ম্যানশনের নিচতলার একটি খালি বাসার তালার হুক ভেঙে চোরচক্রটি ভেতরে প্রবেশ করে। তারা আনুমানিক ১২ লাখ টাকা মূল্যমানের ৬ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় ২৯ জুলাই চকবাজার থানায় মামলা দায়ের করা হলে শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরচক্রটিকে শনাক্ত করে পুলিশ।

পরবর্তীতে শনিবার (১৫ আগস্ট) বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে রহমত ও সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমান বাজার এলাকার ‘বিএন জুয়েলার্স’ থেকে চোরাই স্বর্ণ গলিয়ে তৈরি ১২টি আংটি, ৬ জোড়া কানের দুল ও ২টি চেইন উদ্ধার করা হয়। সিএমপি জানায়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button