প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রলীগ নেতা জেমস


নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তাঁর বাবার জানাজায় অংশ নিয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) রাতে নাটোর শহরের দক্ষিণ বড়গাছা বুড়াদরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে বাবা আবুল কালাম আজাদের জানাজা শেষে নির্ধারিত সময়েই তাঁকে কড়া পুলিশি পাহারায় পুনরায় নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।
দীর্ঘদিন কিডনি জটিলতায় ভোগার পর সাবেক অ্যাম্বুলেন্স চালক আবুল কালাম আজাদ শনিবার দুপুরে মারা যান। পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন জেমসকে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত প্যারোলে মুক্তির অনুমোদন দেয়।
জানাজায় স্থানীয় পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এমদাদুল হক আল-মামুন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষারসহ বহু রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন।
নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের সহিংসতা সংক্রান্ত একাধিক মামলার পলাতক আসামি জেমসকে চলতি বছরের ২১ জুন রাতে অসুস্থ বাবাকে দেখতে এসে গ্রেপ্তার করা হয়।




