কলকাতার রাজপথে জয়া আহসান, সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতার রাজপথে এক প্রতিবাদী মিছিলে অংশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান।


পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের উদ্যোগে নারীদের রাতের সুরক্ষার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে ঋতুপর্ণা সেনগুপ্ত, ইমন চক্রবর্তী ও চৈতি ঘোষালের মতো কলকাতার প্রথম সারির তারকাদের সঙ্গে পা মেলান তিনি।

মিছিলে তার অংশ নেওয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। ভিনদেশের নাগরিক হয়েও ভারতের কোনো রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে সরাসরি যোগ দেওয়া ও স্লোগান দেওয়া নিয়ে অনেকে সমালোচনা করছেন। অন্যদিকে, দেশের সীমানা ভুলে নারীদের নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে সরব হওয়ায় নেটিজেনদের একাংশ তার এই উদ্যোগের প্রশংসাও করছেন।

সাধারণত রাজনৈতিক বা বিতর্কিত বিষয় এড়িয়ে চলা জয়া আহসান এই মিশ্র প্রতিক্রিয়া নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি। ভারতে সমাদৃত এই অভিনেত্রীর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ সেখানে প্রশংসিত হচ্ছে।

Related Articles

Back to top button