তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ ফেরদৌস শিপইয়ার্ড


চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)।
মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিপইয়ার্ডটি বন্ধ থাকবে।
শুক্রবার সকালে ওই শিপইয়ার্ডে একটি পুরোনো এলএনজি জাহাজ কাটার সময় বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস ছড়িয়ে পড়ে ৯ জন শ্রমিক মারা যান এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। তদন্তে ইয়ার্ড কর্তৃপক্ষের সুরক্ষা ঘাটতি বা গাফিলতি প্রমাণিত হলে লাইসেন্স স্থায়ীভাবে বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত জাহাজটি সিলগালা করে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর নিজস্ব অ্যাম্বুলেন্স না থাকা ও গেট বন্ধ রেখে তথ্য আড়ালের চেষ্টার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় শ্রমিক সংগঠনগুলো। এখনো কোনো মামলা না হওয়া এবং আটজন শ্রমিকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
ঘটনার পর শিপইয়ার্ডে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন।




