গ্যাস সংকট নিরসনে নতুন ইউনিট স্থাপনে দরকার ২ বছর

দেশের চাহিদা অনুযায়ী অর্ধেকেরও কম গ্যাস সরবরাহ রয়েছে জানিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমদানি করা এলএনজি সরবরাহ বাড়াতে হলে নতুন ভাসমান সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) ও সমুদ্রের তলদেশ দিয়ে পাইপলাইন স্থাপন প্রয়োজন, যা শেষ করতে অন্তত ২ বছর সময় লাগবে।

শনিবার সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিদ্যুৎ ও শিল্প খাতের চাহিদার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বিগত সরকারের আমলে দেশীয় গ্যাস অনুসন্ধান দীর্ঘ সময় বন্ধ থাকায় বর্তমান সংকট দেখা দিয়েছে। বর্তমান সরকার দেশের অভ্যন্তরে বাপেক্স ও বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে কূপ খনন ও অনুসন্ধান কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংস্থা ‘পেট্রোনাস’-এর মাধ্যমে বড় জাহাজ থেকে ছোট জাহাজে এলএনজি স্থানান্তরের বিশেষ উদ্যোগ নিয়েছেন।

সাম্প্রতিক সময়ে তীব্র বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে গ্যাস লোড না হতে পারা এবং অন্যটির বয়লার নষ্ট হওয়ার কারণে গত ৫-১০ দিনে পরিস্থিতি সাময়িক খারাপ হয়েছিল। তবে ইতোমধ্যেই একটি ইউনিটে গ্যাস সরবরাহ শুরু হয়েছে এবং অপরটির একটি বয়লার ঠিক করা হয়েছে। দুটি ইউনিটই পুরোদমে চালু হলে এক মাস আগের স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Related Articles

Back to top button