ফ্যামিলি কার্ডে চাকরির নামে সমাজসেবা কর্মকর্তার ছবি ব্যবহার করে প্রতারণা

নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও স্বেচ্ছাসেবী নিয়োগের কথা বলে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। প্রতারণায় বিশ্বাসযোগ্যতা বাড়াতে চক্রটি খোদ উপজেলা সমাজসেবা কর্মকর্তার ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছে।

গতকাল সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন নিজের ফেসবুক পেজে সতর্কতামূলক পোস্ট দিয়ে বিষয়টি প্রকাশ্যে আনেন।

জানা গেছে, ফ্যামিলি কার্ড শুমারির জন্য স্বেচ্ছাসেবী পদে আবেদনের পর এক ধাপের ভাইবা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আবেদনের সময় বাড়ানো হলে এ সুযোগকে কাজে লাগায় প্রতারক চক্রটি। তারা উপজেলা সমাজসেবা কর্মকর্তার ছবি ব্যবহার করে একটি ভুয়া নম্বর থেকে (০১৩০৫৫৩০৯৩৫) কল ও বার্তা পাঠিয়ে পরীক্ষাসমূহে উত্তীর্ণ করানোর বিনিময়ে টাকা দাবি করা শুরু করে।

এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন জানান, তিনি প্রতারণার বিষয়টি জানতে পেরেই সবাইকে সতর্ক করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। পাশাপাশি এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, সমাজসেবা কর্মকর্তা পুলিশকে এ বিষয়ে অবহিত করেছেন এবং জিডি করার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button