ফেনীতে ৫০ টাকা বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা


ফেনীর ফুলগাজীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৫০ টাকা বেশি দামে সার বিক্রির দায়ে ‘মেসার্স অহিদুর রহমান ট্রেডার্স’ নামের এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার (২৪ আগস্ট) উপজেলার আনন্দপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী নোশীন প্রত্যাশা।
অভিযানে দেখা যায়, সরকার ৫০ কেজি ইউরিয়া সারের মূল্য ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করলেও প্রতিষ্ঠানটি তা ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার জানান, কৃষকদের স্বার্থরক্ষায় সরকার নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে এমন তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।




