ফরিদপুরে ৫ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

ফরিদপুরে অব্যবস্থাপনা ও লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এলাকায় জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নেতৃত্ব দেন সিভিল সার্জন মাহামুদুল হাসান।

অভিযানে আল-জারা স্পেশালাইজড হাসপাতাল, মেডিকো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হলিসিটি প্রাইভেট হাসপাতাল এবং মা-মনি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। ভর্তি থাকা রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১৬ জুলাই আল-জারা স্পেশালাইজড হাসপাতালে অস্ত্রোপচারের সময় আয়েশা আফরিণ নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে মারাত্মক অব্যবস্থাপনার তথ্য উঠে আসে। তার ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়। একই সঙ্গে অস্ত্রোপচারকারী সার্জন চিকিৎসক আতিকুল আহসানের বিরুদ্ধেও শোকজসহ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন।

Related Articles

Back to top button