প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) কার্যক্রমের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই বিশেষ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (২২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নিরবচ্ছিন্ন রাখতে এবং জনস্বার্থ বিবেচনায় আগের আদেশের মেয়াদ বাড়ানো হয়েছে।

এর ফলে বিদেশে থাকা যেসব প্রবাসী বাংলাদেশি পাসপোর্টে নাম, জন্মতারিখ বা পিতামাতার নামসহ অন্যান্য তথ্য সংশোধন করতে চান, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। এর আগে জারি করা আদেশের মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ছিল, যা বাড়িয়ে এবার ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট সকল বিভাগ ও আন্তর্জাতিক বাংলাদেশ মিশনগুলোতে পাঠানো হয়েছে। এতে প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ ও সুগম হবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Back to top button