থানার সামনে আওয়ামী লীগের স্লোগান: ৩ নারীসহ গ্রেপ্তার ৫


গাজীপুরের টঙ্গীতে থানার ভেতরে থাকা পুলিশের প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের স্লোগান দেওয়ায় ৩ নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) দুপুরে টঙ্গী পূর্ব থানায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, শনিবার রাতে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল মতিনকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার সময় তার স্বজন ও সমর্থকেরা থানার সামনে গিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে তারা স্লোগান দিতে দিতে থানার ভেতরে ঢুকে পড়েন।
ঘটনাস্থল থেকেই পাঁচজনকে আটক করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. মাহদী হাসান, হারুনর রশীদ, জহুরা বেগম, শারমিন সুলতানা এবং শাহিদা আক্তার।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, থানার ভেতরে বা আশপাশে এভাবে রাজনৈতিক স্লোগান দেওয়া আইনসিদ্ধ নয়। এ ঘটনায় ৫ জন গ্রেপ্তার ছাড়াও ২ জন পলাতক এবং ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।




