‘কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা’ নিয়ে কারা কর্তৃপক্ষের ব্যাখ্যা


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা দিচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা’ শীর্ষক ভিডিও নিয়ে স্পষ্টীকরণ করেছে কারা কর্তৃপক্ষ। তদন্ত শেষে কারা অধিদপ্তর জানিয়েছে, ভিডিওটি লক্ষ্মীপুর জেলা কারাগারের ভেতরের কোনো দৃশ্য নয়।
মঙ্গলবার (২৮ জুলাই) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৭ জুলাই একটি গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত ওই ভিডিও অনুসন্ধানে জানা যায়, ঘটনাটি গত ২০ জুলাইয়ের। ওই দিন সন্ত্রাস দমন আইনের মামলায় লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে আদালতে হাজিরার জন্য নেওয়া হয় দুই হাজতি—মির্জা আশরাফুজ্জামান রাসেল ও মো. নাঈম হোসেনকে। সেখানে অবস্থানকালে তারা মোবাইল ফোনে ভিডিও কলে এক ব্যক্তির সঙ্গে কথা বলেন, যা অন্য কেউ ভিডিও করে ছড়িয়ে দেয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বন্দিরা বিষয়টি স্বীকারও করেছেন।
কারা অধিদপ্তর স্পষ্ট করেছে যে, ঘটনাটি আদালতের প্রাঙ্গণে ঘটেছে, কারাগারের ভেতরে নয়। কারা নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রকাশ করাকে বিভ্রান্তিকর ও ন্যাক্কারজনক বলে মন্তব্য করা হয়। এই ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পাশাপাশি সংশ্লিষ্ট বন্দিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।




