শিক্ষার্থীরা সেই বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ পেয়েছেন

নিজস্ব প্রতিবেদক :চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় যে বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীরা সেই বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ পেয়েছেন। এইচএসসি ও সমমান পরীক্ষার এই পুনঃনিরীক্ষণের ফল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রকাশ করা হবে।
বোর্ড কর্মকর্তারা বলছেন, ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন করা হয় না। শুধু পরীক্ষকদের দেওয়া নম্বরগুলো ঠিকভাবে যোগ হয়েছে কি না, তা দেখা হয়।
এবারে প্রতিটি বোর্ড পুনর্নিরীক্ষণের ফল দুপুর ২টা থেকে ৩টার মধ্যে প্রকাশ করতে পারবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। প্রতিবারের মতো এবারও ফলাফল ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের এসএমএসে জানিয়ে দেওয়া হবে।
দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ফল দেখতে পারবেন।
ফলাফল দেখার জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই। কারণ প্রথম ফল প্রকাশের ক্ষেত্রে যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনর্নিরীক্ষণের সময় তা নয়। এ ক্ষেত্রে প্রার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, বোর্ড থেকে সেই নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে।
এ ছাড়াও অনলাইনে শিক্ষার্থীরা নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন।
প্রসঙ্গত, ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। আর পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নেওয়া হয়। সাধারণ শিক্ষাবোর্ডে এ বছর পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ১১টি শিক্ষাবোর্ডে এবার ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।



