রাজধানীতে থমথমে পরিস্থিতি: একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

রাজধানী ঢাকায় রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সিআইডি প্রধান কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, উত্তরা, তেজগাঁও, ভাটারা এবং পান্থপথসহ রাজধানীর একাধিক স্থানে আতঙ্ক ছড়িয়ে এসব হামলা চালায় দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে ভাটারা ১০০ ফিট এলাকায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগে সিআইডি ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ ঘটে। ককটেলটি ভেতরে থাকা একটি গাড়ির বটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রশাসনিক ভবন, টিএসসি, ভিসি চত্বর, সিনেট ভবন ও নীলক্ষেত তোরণসহ বিভিন্ন পয়েন্টে অন্তত ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আটককৃতরা হলেন—রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)।

এছাড়া রাত সাড়ে ১০টা থেকে মধ্যরাতের মধ্যে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পয়েন্ট লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়:

উত্তর ও বসুন্ধরা এলাকা: উত্তরা পূর্ব থানা এলাকায় মোটরসাইকেলে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পরপর তিনটি ককটেল ফাটায় দুর্বৃত্তরা। ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে ও ক্যান্টনমেন্টের মাটিকাটায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে বিস্ফোরণ ঘটানো হয়।

বিশ্ববিদ্যালয় ও স্টেশন এলাকা: তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এবং খিলক্ষেত থানার কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। খিলক্ষেতে দুর্বৃত্তদের মোটরসাইকেলে এসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়।

পান্থপথ: রাত সাড়ে ১১টার পর পান্থপথ এলাকাতেও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

ঘটনাস্থলগুলো থেকে পাওয়া খবরে জানা যায়, এসব ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলার অবনতি রুখতে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে রাজধানীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Related Articles

Back to top button