ফ্যাসিবাদের আমলে সমবায় সেক্টর ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল: ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের সমবায় খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, এই খাতের অর্থ তছরুপ করে সমবায় সেক্টরকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এছাড়া সমবায়ের বিকাশ বাধাগ্রস্ত করতে বিভিন্ন কালো আইন প্রণয়ন করা হয়েছিল, যার কারণে সমবায়ীরা নানাভাবে নিষ্পেষিত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে মো. আবদুস সালাম বলেন, বিগত এক শতকেরও বেশি সময় ধরে বাংলাদেশে সমবায় আন্দোলন গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমবায় মূলত মানুষের হাতে মানুষের শক্তি তুলে দেওয়ার একটি কার্যকর প্রক্রিয়া, যা সমাজ ও রাষ্ট্রে শান্তি ও ঐক্যের ভিত্তি গড়ে তোলে।

বাংলাদেশের সমবায়ের প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, “বিগত পাঁচ দশকে সমবায় খাত যতটুকু বিকশিত হওয়ার কথা ছিল, আমার মতে তা হয়নি। অথচ আমাদের মতো উন্নয়নশীল দেশে সমবায় আন্দোলন ব্যাপকভাবে সফল হওয়ার অপার সম্ভাবনা ও সুযোগ ছিল।”

বর্তমান সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বর্তমান গণতান্ত্রিক সরকার সমবায় আন্দোলনের অন্তর্নিহিত শক্তিকে কাজে লাগিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে যথাযথ মনোযোগ দেবে। দেশের সমবায় খাত একটি সুপ্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক খাত, যেখানে প্রায় দেড় লক্ষাধিক সমবায় সমিতি এবং ১ কোটি ২৫ লাখ মানুষ সরাসরি সম্পৃক্ত। সরকারের সামগ্রিক উন্নয়ন প্রচেষ্টায় এই বৃহৎ ও সংগঠিত জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।”

জাতীয় সমবায় ইউনিয়নের কার্যক্রম সম্পর্কে আবদুস সালাম জানান, সমবায় আন্দোলনকে সঠিক নেতৃত্ব দিতে জাতীয় সমবায় ইউনিয়ন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইউনিয়নকে গতিশীল করতে বর্তমান কমিটি নিরলস কাজ করে যাচ্ছে এবং বিগত দুই বছরে এর সদস্যসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া কার্যক্রম ডিজিটালাইজেশনের অংশ হিসেবে একটি ওয়েবপেজ চালু করা হয়েছে, যার মাধ্যমে দেশের যেকোনো প্রান্তের সমবায় সমিতি ঘরে বসেই সদস্য হতে পারবে।

অনুষ্ঠানে বিগত সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক খাত হওয়া সত্ত্বেও বিগত সরকারের আমলে সমবায় খাতকে সহযোগিতার পরিবর্তে অর্থ লুটপাট করে নিঃস্ব করা হয়েছে। তিনি কালো আইন বাতিল করে সমবায় আইনকে যুগোপযোগী করার জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান জানান।

Related Articles

Back to top button