সরকার জনগণের বিরুদ্ধে থাকায় চুয়াত্তরে দুর্ভিক্ষ হয়েছিল: ড. তিতুমীর


সরকার জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়ায় ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ নেমে এসেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের তৎকালীন সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। যে কারণে রাষ্ট্রীয় সহিংসতা ও দমন-পীড়ন চালিয়েই তাদের ক্ষমতায় টিকে থাকতে হয়েছিল।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ অনুষ্ঠিত ‘চুয়াত্তরের দুর্ভিক্ষ: স্বাধীনতা-পরবর্তী অর্থনৈতিক সংকট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. তিতুমীর বলেন, “একটি রাষ্ট্র যেভাবে পরিচালনা করতে হয়, বাহাত্তর থেকে পঁচাত্তরের সরকার তার কোনো মৌলিক বৈশিষ্ট্যই রক্ষা করেনি। তারা এমন এক শাসনব্যবস্থা গড়ে তুলেছিল, যার সঙ্গে জনগণের ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না। এ কারণে নাগরিকদের বাকস্বাধীনতা স্তব্ধ ও নিষ্পেষণ করতে প্যারা-মিলিটারি বাহিনী গঠন করা হয়েছিল।”
তৎকালীন অর্থনৈতিক ব্যবস্থার চরম অব্যবস্থাপনা তুলে ধরে তিনি আরও বলেন, “১৯৭২ সালে বিশ্ববাজারে প্রতি টন চালের দাম ১৪৭ ডলার থাকলেও বাংলাদেশে তা বিক্রি হয়েছিল ৩১৬ ডলারে। এতেই প্রমাণিত হয়, সেখানে বাজার নিয়ন্ত্রণ বা সরকারের জবাবদিহির কোনো অস্তিত্ব ছিল না। অর্থনীতি থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার প্রায় সবক্ষেত্রেই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছিল।”
শেখ হাসিনা সরকারের শাসনামলের সঙ্গে তৎকালীন সময়ের তুলনা করে উপদেষ্টা বলেন, “জনগণের ম্যান্ডেট না থাকায় ক্ষমতায় টিকে থাকতে তারা মানুষের ওপর নিষ্পেষণ চালাতে পিছপা হতো না। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলও ছিল বস্তুত বাহাত্তর-পঁচাত্তরের শাসনেরই এক ধরণের সম্প্রসারিত রূপ (এক্সটেনশন)। শেখ হাসিনা সরকারও একইভাবে বিরোধী মত দমনে একই পথ অনুসরণ করেছে।”
তিনি আরও মন্তব্য করেন, “কেউ কেউ বলছে ডিসেম্বরে তারা দেশে ফিরে আসতে চায়। কিন্তু সত্যি বলতে, এই দেশের মাটি, ঘাস, পানি কিংবা মানুষের সঙ্গে তাদের কখনোই কোনো সুসম্পর্ক ছিল না। তারা আর কখনোই এ দেশের রাজনৈতিক দৃশ্যপটে ফিরে আসতে পারবে না।”
লেখক ও গবেষক তুহিন খানের সঞ্চালনায় আয়োজিত এই সেমিনারে আরও বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ, পানাম ইনস্টিটিউটের ট্রেজারার আসিফ ইকবাল এবং অর্থনীতিবিদ ও গবেষক ড. নাহিয়ান বিন খালেদ। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, আইনজীবী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




