৬ বছর বয়সেই নেবে এনআইডি তথ্য, প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোটের প্রস্তুতি

দেশের প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম ধাপে সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি, শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময় দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ৬ বছর বয়স থেকেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ডাটাবেজ তৈরির এক ব্যতিক্রমী পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।

রোববার (৮ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সচিব বলেন, “আমরা ৬ বছর বয়স থেকে এনআইডিতে তথ্য নিবন্ধনের বিষয়টি ভাবছি। প্রাথমিক শিক্ষায় প্রবেশের সময় শিশুরা যে তথ্যগুলো প্রদান করে, সেই ডেটা ব্যবহার করেই এনআইডির প্রাথমিক ডাটাবেজ তৈরি করার বিষয়ে আলোচনা চলছে।”

নির্বাচনে প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত জানিয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচনগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। বর্তমানে ইভিএমের চূড়ান্ত স্টক-টেকিং ও ডিসপোজালের প্রক্রিয়া চলছে। ডিসপোজালের নির্দিষ্ট পদ্ধতি সংক্রান্ত সুপারিশ পাওয়ার পরেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

ইউপি নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে সচিব জানান, প্রথম দফায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মধ্যে মেয়াদোত্তীর্ণ এবং সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button