প্রেমের টানে ঘর ছাড়লেন তরুণী, দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫

সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমঘটিত বিষয় ও বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের অধিবাসীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাটিয়াপুর গ্রামের এক তরুণের সঙ্গে হলিমপুর গ্রামের এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত মঙ্গলবার রাতে তারা স্বেচ্ছায় ঘর ছেড়ে কাজির মাধ্যমে বিয়ে করেন। তবে তরুণীর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে ফুসলিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে তরুণদের দাবি, তারা স্ব ইচ্ছায় বিয়ে করেছেন।

বিয়ে পরবর্তীতে সমঝোতার উদ্দেশ্যে মঙ্গলবার রাতেই তরুণদের পক্ষের স্বজনেরা তরুণীর বাড়িতে গেলে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এর জের ধরে বুধবার দুপুরে দুই গ্রামের মানুষ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Related Articles

Back to top button