আজ ঢাকায় শুরু হচ্ছে এআই বিজনেস সামিট, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সম্ভাবনা, ব্যবহার ও ব্যবসায়িক প্রয়োগ নিয়ে আজ ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে এ সামিটের আয়োজন করা হয়েছে।

গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে বিশ্ব অর্থনীতির পরিবর্তনের ধারা বিবেচনায় রেখে এবারের সামিটের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আগামী দিনের অর্থনীতির জন্য এআই-করণ’।

সম্মেলনে নীতি নির্ধারণ, দক্ষতা উন্নয়ন, একাডেমি-শিল্প খাত অংশীদারত্ব এবং ‘ডিজিটাল সহকর্মী’ হিসেবে এআই এজেন্টের ভূমিকার ওপর তিনটি পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক স্টার্টআপ ও প্রযুক্তি প্রকল্প নিয়ে ১৪২টি প্রদর্শনী স্টল থাকছে। যুক্তরাষ্ট্রের একটি এবং পাকিস্তানের চারটি বিদেশি প্রতিষ্ঠানও এতে অংশ নিচ্ছে।

দিনব্যাপী এই সামিটে নীতিনির্ধারক, গবেষক ও করপোরেট ব্যক্তিত্বসহ ২৭ জন বিশেষজ্ঞ আলোচক হিসেবে থাকবেন এবং প্রায় আট হাজার অতিথি ও দর্শনার্থী উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।

Related Articles

Back to top button