মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ


ঢাকা: মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম সেদেশের স্বরাষ্ট্র, শ্রম ও প্রযুক্তিমন্ত্রী আলী ইহুসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৪ নভেম্বর) মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশন জানায়, সাক্ষাতকালে উভয় পক্ষ মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও সার্বিক সুবিধা-অসুবিধা সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার সময় দুই দেশের সরকারের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নিয়মিত যোগাযোগ রক্ষা এবং প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বাস্তবভিত্তিক সহযোগিতা বৃদ্ধি এবং জনকেন্দ্রিক সম্পৃক্ততা বাড়নোর মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।




