যান্ত্রিক ত্রুটিতে ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়

কারিগরি ও যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের বিশাল একটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। তবে বিদ্যুৎ সংযোগ দ্রুত পুনর্বহালে জরুরি ভিত্তিতে কাজ চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিদ্যুৎ বিভাগের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা সম্ভব হয়েছে। বাকি এলাকাগুলোতেও খুব স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এই সাময়িক বিদ্যুৎ বিপর্যয়ের জন্য গ্রাহকদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

এদিকে পাওয়ার গ্রিড পিএলসি সূত্রে জানা গেছে, জাতীয় গ্রিডের যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার পূর্বাঞ্চল (যেমন: ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিল, মগবাজার, বনশ্রী, খিলগাঁও ইত্যাদি) এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঠিক কী কারণে এই কারিগরি ত্রুটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পাওয়ার গ্রিডের প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ করে যাচ্ছেন।

পিএলসি আরও জানিয়েছে, দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ও জাতীয় গ্রিডের সার্বিক কার্যক্রম বর্তমানে জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। ঢাকার এই এলাকাগুলো ও চট্টগ্রামের একাংশ ছাড়া দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি সচল ও স্বাভাবিক রয়েছে।

Related Articles

Back to top button