ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ীর কালুখালীতে ‘সালেহা সামাদ হেলথ সার্ভিসেস’ নামের একটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে নানা অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকেলে পরিচালিত এই অভিযানে দেখা যায়, ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু হোসেন নিজে চিকিৎসক না হওয়া সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে আল্ট্রাসনোগ্রাফি করছিলেন এবং নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করছিলেন।

অভিযানের সময় ল্যাবরেটরিতে নষ্ট ফ্রিজ এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট রাখার প্রমাণও মেলে। এসব অনিয়মের দায়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ প্রতিষ্ঠানের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্স হালনাগাদ ও সব অনিয়ম সংশোধনের নির্দেশ দেন।

একই সাথে এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া কাউকে দিয়ে আল্ট্রাসনোগ্রাফি না করানোর কঠোর নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অনিয়মের খবর প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।

Related Articles

Back to top button