গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর


রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
বৈঠকে লেকগুলোতে পয়েন্টভিত্তিক পয়ঃবর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫ অনুযায়ী ভবনভিত্তিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
লেকের দূষণ বন্ধে কারিগরি কমিটির সুপারিশের আলোকে প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এর মধ্যে লেক পরিষ্কারের কাজে নিয়োজিত যান্ত্রিক নৌকার সংখ্যা ২ থেকে বাড়িয়ে ১০টিতে উন্নীত করা এবং ভাসমান এক্সক্যাভেটর দিয়ে লেকের তলদেশের পলি ও বর্জ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়। পানিতে অক্সিজেনের মাত্রা বাড়াতে এরেটর স্থাপন ও দুর্গন্ধ দূর করতে সমন্বিত পদ্ধতির কথা বলা হয়। এছাড়া বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পয়ঃনিষ্কাশন লাইন লেক বা বৃষ্টির ড্রেনে যুক্ত রয়েছে কিনা তা চিহ্নিত করে ঢাকা ওয়াসা ও উত্তর সিটি করপোরেশনকে যৌথভাবে অবৈধ সংযোগ বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, রাজউকের আওতায় থাকা লেকগুলোর সার্বিক রক্ষণাবেক্ষণে ইতোমধ্যে ৪২ জনের সমন্বয়ে ৫টি বিশেষ টিম নিয়োজিত করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ অন্যান্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।




