চট্টগ্রামে ছেলেধরা সন্দেহে নারীসহ ২ জন আটক, পুলিশে দিল জনতা


চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক স্কুলশিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌরসভা এলাকার কাগজীপাড়ায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন— কচুয়াই ইউনিয়নের আবুল ফয়েজের ছেলে মো. ফারুক (৪২) এবং কুতুপালং এলাকার জামাল হোসেনের মেয়ে শাহাজাহান বেগম (৪০)। শাহজাহান বেগম পটিয়া উপজেলার বাদামতল এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া সদরের কাগজীপাড়া এলাকার আশরাফ আলী অ্যাকাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে সালমা ইকরা (৯) ক্লাস শেষে বাড়ি ফিরছিল। এ সময় অভিযুক্ত রিকশাচালক ও ওই নারী শিশুটিকে বাড়ির সামনে নামিয়ে দেওয়ার কথা বলে রিকশায় তুলে নেন। পরে রিকশাটি বাড়ির সামনে না থামিয়ে অন্যদিকে নিয়ে যেতে থাকলে শিশুটি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে রিকশাসহ ওই দুইজনকে ধরে ফেলেন।
শিশুটির প্রবাসী বাবা শাহনেওয়াজ মামুন জানান, মেয়েকে তুলে নিয়ে যাওয়ার সময় তার চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে এসে তাদের আটক করে।
পটিয়া পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন বলেন, “ছেলেধরা সন্দেহে এই ঘটনায় অভিভাবকরা উদ্বিগ্ন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের পুলিশের কাছে তুলে দিয়েছি এবং প্রশাসনের কঠোর ব্যবস্থা দাবি করছি।”
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ছেলেধরা অভিযোগে দুইজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




