দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন গণপূর্ত প্রতিমন্ত্রী


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সাহেবের হাট এলাকায় মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি জানান, মন্ত্রণালয়ের বিগত সময়ের বিভিন্ন দুর্নীতির তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে যেন কোনো অনিয়ম না ঘটে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে প্রতিমন্ত্রী মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব জেলায় আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে সভা করা হচ্ছে। মাদক ও দুর্নীতি প্রতিরোধে প্রশাসন, গণমাধ্যমসহ সর্বস্তরের মানুষের সমন্বিত সহযোগিতা কামনা করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মো. সালেহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




