যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে এশিয়ার এই শহর, বাড়ছে ভিড়


অর্থনৈতিক সমৃদ্ধি এবং বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে পরিচিত হলেও জাপানের রাজধানী টোকিও বর্তমানে এশিয়ায় ‘যৌন পর্যটনের নতুন কেন্দ্র’ হিসেবে গড়ে উঠছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
দেশটির অর্থনৈতিক সংকট এবং মূল্যস্ফীতির কারণে বহু তরুণী বাধ্য হয়ে এই পেশায় জড়িয়ে পড়ছেন।
তরুণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘লিয়াজোঁ কাউন্সিল প্রটেকটিং ইয়ুথ’-এর মহাসচিব ইয়োশিদে তানাকা সংবাদমাধ্যম দ্য স্টারকে জানান, করোনা মহামারি পরবর্তী সময়ে টোকিওর বিভিন্ন পার্কের আশেপাশে বিদেশি পুরুষদের আনাগোনা বহুগুণ বেড়ে গেছে। তিনি বলেন, “জাপান কার্যত একটি দরিদ্র দেশে পরিণত হয়েছে। বিভিন্ন দেশ—বিশেষ করে চীনসহ পশ্চিমা ও অন্যান্য এশীয় দেশের পুরুষরা এখানে আসছে এবং সহজেই নারীদের নিয়ে যৌন কার্যক্রমে লিপ্ত হচ্ছে। জীবনধারণের তাগিদে ২০ বছর বয়সী উঠতি তরুণীরা এই সেক্স ইন্ডাস্ট্রিকে বেছে নিচ্ছে।”
জাপানের প্রধান বিরোধী দলীয় নেতা কাজুনোরি ইয়ামানোই ‘জাপান টাইমস’কে জানান, বিষয়টি এখন আর কেবল অভ্যন্তরীণ কোনো সমস্যা নয়। বিশ্ববাসীর কাছে জাপানি নারীদের ভাবমূর্তি যেভাবে উপস্থাপিত হচ্ছে, তাতে এটি অত্যন্ত গুরুতর একটি সংকটে রূপ নিয়েছে।
মূলত করোনা-পরবর্তী অর্থনৈতিক ধাক্কা, ক্রমবর্ধমান ঋণ এবং ‘হোস্ট ক্লাবগুলোতে’ অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রবণতার কারণে অনেক নারী জড়িয়ে পড়ছেন এই অনৈতিক ব্যবসায়। এদিকে এই চক্রের সঙ্গে জড়িত পাচারকারী ও মধ্যস্বত্বভোগীদের দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দেহ ব্যবসার জন্য নারী সংগ্রহের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।



