সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য

সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য।

বুধবার (২৬ আগস্ট) বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ব্রিফিংয়ে এই দাবি জানানো হয়।

বৈঠকে সংসদীয় কমিটিতে বিরোধী দলকে কার্যকর ভূমিকা দেওয়ার পাশাপাশি জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। এ ছাড়া দেশে বিদ্যুৎ-গ্যাস সংকট ও শিল্পকারখানা বন্ধ হওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন নেতারা। মানবাধিকার কমিশন ও বিচারব্যবস্থাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার আহ্বানের পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে প্রশ্ন করার অধিকার রক্ষার কথা জানান তাঁরা।

দাবি আদায়ে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে কর্মসূচি পালন শেষে ঢাকায় মহাসমাবেশ করা হবে এবং দাবি আদায় না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক এবং জোট সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button