আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: ডা. শফিকুর রহমান


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ও জনগণের স্বার্থে তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংসদের ভেতরে ও বাইরে একসঙ্গে কাজ করছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনের সময় এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ডা. মাহমুদা মিতু এমপিসহ জ্যেষ্ঠ নেতারা তাঁকে বরণ করে নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে ও বাইরে বিরোধীদলের ওপর নানা বৈষম্য করা হচ্ছে। ৩০০ আসনের উন্নয়ন তহবিল বরাদ্দের ক্ষেত্রে বিরোধীদলীয় এমপিদের বঞ্চিত করা এবং বিরোধীদলের সংসদীয় আসনে সরকারি দলের সংরক্ষিত নারী এমপিদের অতিরিক্ত দায়িত্ব দেওয়াকে তিনি বৈষম্যমূলক আখ্যা দেন।
তিনি সতর্ক করে দেন যে, দেশজুড়ে বৈষম্য থাকলে সামাজিক অসন্তোষ দেখা দেবে এবং বাংলাদেশ কখনো এগিয়ে যেতে পারবে না।
বর্তমানে নিয়মতান্ত্রিক উপায়ে গণভোটের রায় ও জনগণের দাবি বাস্তবায়নে রাজপথে আন্দোলন করছেন উল্লেখ করে আমিরে জামায়াত স্পষ্ট জানিয়ে দেন, তারা বাংলাদেশে আর কোনো নতুন ফ্যাসিবাদ কায়েম হতে দেবেন না। পরিশেষে তিনি এনসিপি যাতে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করেন।




