জশনে জুলুসের বিরোধিতাকারীদের মানসিক চিকিৎসা দরকার : অ্যাড. বখতিয়ার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জশনে জুলুসের বিরোধিতাকারীদের কঠোর সমালোচনা করে আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাইব উদ্দিন বখতিয়ার বলেছেন, যারা এই আয়োজনের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো প্রয়োজন।

বুধবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বিশ্বনবীর আগমন উপলক্ষে আনন্দ মিছিল বা জশনে জুলুস উদযাপন করা একটি সুন্নতি ও অত্যন্ত সওয়াবের কাজ। লাখ লাখ মানুষ প্রতিবছর অত্যন্ত ভাবগাম্ভীর্য ও পবিত্র পরিবেশ বজায় রেখে এই শোভাযাত্রায় অংশ নেন, যা বিশ্বজুড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সুস্থ মস্তিষ্কের কোনো ঈমানদার রাসুল (সা.)-এর জন্মের খুশিতে আয়োজিত এ অনুষ্ঠানের বিরোধিতা বা অপপ্রচার চালাতে পারে না উল্লেখ করে তিনি এসব কর্মকাণ্ডকে সামাজিক বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ও সংকীর্ণ মানসিকতার পরিচয় হিসেবে আখ্যায়িত করেন।

Related Articles

Back to top button