৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেপ্তার


মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) এবং ওয়াসিম (২৪) নামে তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ।
রোববার দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে আটক করা হয়।
দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, আজমপুর কাঁচাবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে ওয়াসিমকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুলকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিসমিল্লাহ পল্লীর একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক এনে দক্ষিণখানসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন। এএসআই শফিকুলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পল্লবী থানা পুলিশ।




