শাহজালাল বিমানবন্দরে শাড়ির নিচে কুশ ও মদসহ দুই ভারতীয় গ্রেপ্তার


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৫ কেজি ৪০ গ্রাম কুশ এবং ৩ লিটার বিদেশি মদসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গত সোমবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে আসা সানাওয়ার আলী (৩৬) ও ইমতিয়াজ আহমেদ (৩৬) নামের দুই যাত্রীকে আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে আটক করা হয়। আটক ব্যক্তিরা ভারতের উত্তর ২৪ পরগনার বাসিন্দা।
তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করে শাড়ির নিচ থেকে উদ্ধার করা মাদক ও পণ্যের মধ্যে ছিল ৫ কেজি ৪০ গ্রাম ক্ষতিকারক মাদক কুশ, ৩ লিটার মদ, ২৪ পিস ভারতীয় শাড়ি, ৪টি স্মার্টফোন এবং মার্কিন ডলার, থাই বাথ ও রুপিসহ কিছু বৈদেশিক মুদ্রা।
ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিএনসি এই পাচারচক্রের সঙ্গে জড়িত কয়েকজন বাংলাদেশির সন্ধান পেয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
উদ্ধারকৃত ‘কুশ’ মূলত গাঁজার কুঁড়ির সঙ্গে রাসায়নিক ও টিএইচসি মিশ্রিত একটি অতি শক্তিশালী ও ক্ষতিকারক অপ্রচলিত মাদক, যা মানবদেহের স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে।




