৯ দিনের মধ্যে সীতাকুণ্ডে নিহত ১০ শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ হস্তান্তরের উদ্যোগ জেলা প্রশাসকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে নিহত ১০ শ্রমিকের পরিবারকে দুর্ঘটনার মাত্র নয় দিনের মাথায় ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উপস্থিতিতে বিএসবিআরএ আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের স্বজনদের হাতে ক্ষতিপূরণের বাকি ৭ লাখ টাকার চেক ও সরকারি মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।

গত ১৪ আগস্ট সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ‘এমটি রাসি’ নামের স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ৯ জন ও পরে চিকিৎসাধীন অবস্থায় একজন শ্রমিক মারা যান। ঘটনার পর নিহতদের পরিবারের জন্য মোট ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়, যার মধ্যে আগেই ১ লাখ টাকা প্রদান করা হয়েছিল এবং শিল্পনীতি অনুযায়ী ২ লাখ টাকা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

তাছাড়া, সীতাকুণ্ডে বসবাসকারী পাঁচ পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে এবং বাকি পাঁচ পরিবার তাদের নিজ নিজ জেলা প্রশাসন থেকে এ সহায়তা পাবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা দুর্ঘটনা রোধে বিষাক্ত গ্যাস শনাক্ত ও অপসারণে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। জাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে নিরাপত্তা জোরদারের আশ্বাস দেন।

Related Articles

Back to top button