মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা

হরমুজ প্রণালিতে জাহাজে হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ইরানে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ইরান।

বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দেশটির নৌ ও বিমান বাহিনী মধ্যপ্রাচ্যের দুটি দেশে অবস্থিত মোট ৮৫টি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় মূলত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোকে নিশানা করা হয়েছে।

আইআরজিসি-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই অভিযানের অংশ হিসেবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটিতে সফলভাবে আঘাত হানা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৭ জুলাই) হরমোজগান ও মাহশাহরের উপকূলীয় অঞ্চলে ইরানের সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এর জবাবে যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইরান এই পাল্টা সামরিক অভিযান চালাল।

আইআরজিসি আরও উল্লেখ করেছে, মার্কিন হামলাগুলো ইরানের সাবেক সর্বোচ্চ নেতার দাফন এবং সংশ্লিষ্ট ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত। ওয়াশিংটন মূলত এই ঐতিহাসিক ঘটনাকে ম্লান করার অপচেষ্টা করছে।

এদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমেরিকান সন্ত্রাসবাদের’ কোনো জবাব না দিয়ে ছাড় দেওয়া হবে না। হরমুজ প্রণালির এই কৌশলগত নৌপথের বিষয়ে ওয়াশিংটনের কোনো হস্তক্ষেপের প্রচেষ্টা ‘কোনো অবস্থাতেই’ মেনে নেওয়া হবে না।

বিবৃতিতে ইরান জোর দিয়ে বলে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাংকারগুলোর যাতায়াতের জন্য একমাত্র নিরাপদ পথ হলো ইসলামী প্রজাতন্ত্র কর্তৃক নির্ধারিত পথ। ইরানে মার্কিন এই হামলা গত মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে থাকা ‘যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা’ প্রকাশ করে।

Related Articles

Back to top button