এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কর্মরত শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের কর্মী, তাদের বাবা-মা, ভাই-বোন, স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা এ কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

গত ২৯ ও ৩০ জুন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এটি এন. মোহাম্মদ গ্রুপের তৃতীয় ফ্রি মেডিকেল ক্যাম্প।

ফ্রি মেডিকেল ক্যাম্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এবং বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত থেকে রোগীদের চিকিৎসাসেবা দেন। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. জয়জিৎ চৌধুরী এবং ডা. আদনান জাওয়াদ।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন, নাক-কান-গলা ও অর্থোপেডিক্সসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনার মাধ্যমে কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এর আগের দুটি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্যোগে প্রায় ৫ হাজার মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছিলেন। আর এবারের দুই দিনব্যাপী ক্যাম্পে কর্মী ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে প্রায় ৪ হাজার মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।

এন. মোহাম্মদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানের কর্মীদের কল্যাণ এবং তাদের পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার (CSR) একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মীদের পাশে থেকে একটি সুস্থ, সচেতন ও মানবিক কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

মানবিক ও কল্যাণমুখী এই উদ্যোগের মাধ্যমে এন. মোহাম্মদ গ্রুপ কর্মী ও তাদের পরিবারের প্রতি দীর্ঘমেয়াদি দায়বদ্ধতার একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Related Articles

Back to top button