গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটি বাস্তবায়ন না হলে দেশের রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে।”
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণভোটের গণরায় বাস্তবায়ন, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং সব গণহত্যার বিচারের দাবিতে জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত, পঙ্গুত্ববরণকারী ও জুলাই যোদ্ধাদের নিয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মিয়া গোলাম পরওয়ার জানান, মানববন্ধনের আগে শহীদ জাবির ইবরাহিমের মা রোকেয়া এমপিসহ পাঁচজন নারী সংসদ সদস্য এবং ১১ দলের নেতারা স্পিকারের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপি দেওয়ার বিষয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, “আমরা স্পিকারকে বলেছি, দেশের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং বিরোধীদলীয় নেতাকে সঙ্গে নিয়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণের দেওয়া রায় বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করুন।” এ বিষয়ে স্পিকার তাঁদের আশ্বস্ত করে জানিয়েছেন যে, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, “আমরা আশা করছি সরকার স্মারকলিপি বিবেচনায় নেবে। জনগণের প্রত্যাশা পূরণ না করে পার্লামেন্ট চালাবেন, জনগণ এটা মানবে না। গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনে আরও একটি জুলাই বিপ্লব হবে, তারপরও আমরা রাজপথ ছাড়বো না।”
তিনি সরকারের উদ্দেশে আরও বলেন, “আপনারা ক্ষমতায় বসে আছেন রক্তাক্ত জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে। আমরা বিচার চেয়েছি, বিচার করতে হবে। আমরা আন্দোলন চাই না, সমাধান চাই।”
মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. আবদুল ওহাব মিনার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি, মো. সেলিম উদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



