৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, সতর্ক র্যাব-পুলিশ


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ৫ আগস্ট রাজধানীতে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিরাপত্তা কার্যক্রমে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব ও সিআইডি যৌথভাবে অংশ নেবে।
মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে পিকেট ও ঢাকার সব প্রবেশপথে চেকপোস্ট বাড়িয়ে তল্লাশি জোরদার করা হয়েছে।
ডিএমপি জানায়, গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে ডিবি ও সিটিটিসি সদস্য এবং জনসমাগমপূর্ণ স্থানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নজরদারি করা হবে।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রয়েছে এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে সার্বিক নিরাপত্তা তদারকি করবেন।



