ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত


ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকার বাইপাস সড়কের গ্যাস ডিপোর সামনে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রীসহ এক সেনাসদস্য নিহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা ও চট্টগ্রামের বিএমএ শাখার সেনাসদস্য সোহেল কাজী এবং তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি (ঝিনাইদহের শৈলকুপার বড়দাহ গ্রামের মেয়ে)।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে হাসপাতাল থেকে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি ফেরার পথে একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে সোহেল কাজী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী ‘গড়াই পরিবহন’-এর একটি বাস তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই জান্নাতুল ফেরদৌস মারা যান। গুরুতর আহত সেনাসদস্য সোহেল কাজীকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচে নেওয়া হলে সেখানে দুপুরে তাঁর মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




