কানাডার বেশ কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, স্থগিত বাণিজ্য আলোচনা

ওয়াশিংটন ডিসির বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে তিন দিনের সংলাপ ব্যর্থ হওয়ায় কানাডার নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার মধ্যরাত থেকে এ শুল্ক কার্যকর হয়েছে।


এই শুল্কের আওতায় পড়েছে কানাডা থেকে আমদানীকৃত কাঠের আইস হকিস্টিক, দুগ্ধজাত পণ্য, আসবাবপত্র, মাছ ধরার ছিপ, বীজ ও পরচুলাসহ বিভিন্ন পণ্য, যার সম্মিলিত বার্ষিক মূল্য ২ হাজার কোটি ডলার। যদিও ২০২৫ সালে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে মোট ৩৮ হাজার ২০০ কোটি ডলারের পণ্য আমদানির তুলনায় এটি মাত্র ৫ শতাংশ, তবে কূটনৈতিক দিক থেকে এর প্রভাব সুদূরপ্রসারী।

বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়া এবং শুল্ক কার্যকর হওয়ার প্রতিবাদে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বাণিজ্য সংলাপ স্থগিত করে ওয়াশিংটন থেকে নিজেদের আলোচক দলকে অটোয়ায় ফিরে আসার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, কানাডার জাতীয় স্বার্থ রক্ষায় তারা বন্ধুত্বপূর্ণ পরিবেশে চেষ্টা চালিয়েছিলেন।

অন্যদিকে হোয়াইট হাউসের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চুক্তি ব্যর্থ হওয়ার দায় কানাডার ওপর চাপিয়ে বলেছেন, পূর্বসম্মতি থাকা সত্ত্বেও চুক্তিতে স্বাক্ষর না করায় কানাডা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হওয়ার সুযোগ হাতছাড়া করেছে। এই ঘটনায় উত্তর আমেরিকার তিন দেশের (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) মুক্ত বাণিজ্য চুক্তি নবায়ন প্রক্রিয়াও অনিশ্চয়তার মুখে পড়ল।

Related Articles

Back to top button