অসচ্ছলদের আগে ফ্যামিলি কার্ড দিতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

অসচ্ছল ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ড নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর পল্লবীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আমিনুল হক বলেন, চলতি বছর ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে পল্লবী-রূপনগরের বেগুনটিলা, চলন্তিকা ও আরামবাগের বস্তি এলাকার মতো অসহায় পরিবারগুলো অগ্রাধিকার পাবে। স্বচ্ছল কেউ যেন অন্যায্যভাবে এই সুবিধা না পান, সে বিষয়ে তথ্য সংগ্রহকারীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী স্বীকার করেন যে দেশ বর্তমানে বাস্তব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের কুইক রেন্টাল ব্যবস্থার দুর্নীতি এবং ভঙ্গুর অর্থনীতির কারণে বর্তমান সরকারকে এই সংকটে পড়তে হয়েছে। তবে সরকার মৌলিক চাহিদা পূরণ ও বিদেশী বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক চাকা সচল করতে কাজ করে যাচ্ছে।

এছাড়া পরিবেশ রক্ষায় পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রার কথা স্মরণ করিয়ে দিয়ে দেশের প্রতিটি নাগরিক ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্তকরণ অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button