পঞ্চগড়ে ভুয়া চিকিৎসকের প্রেসক্রিপশনে ওষুধ খেয়ে গর্ভস্থ সন্তান মৃত্যুর অভিযোগ

পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে পদার্থবিজ্ঞানের এক ছাত্রীর বিরুদ্ধে চিকিৎসকের পরিচয় দিয়ে অবৈধভাবে অ্যান্টিবায়োটিকসহ নানা ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত নারীর নাম রোকসানা আক্তার। অভিযোগ রয়েছে, তাঁর দেওয়া ওষুধ সেবনের পর সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভের সন্তান মারা গেছে।

ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট ওই এলাকার মিজানুরের স্ত্রী শারমিন আক্তার অসুস্থ হয়ে জগদল বাজারের ‘মাতৃসেবা ফার্মেসিতে’ যান। সেখানে রোকসানা আক্তার নিজেকে অনুমোদিত দাবি করে শারমিনকে অ্যান্টিবায়োটিকসহ কয়েকটি ওষুধ লিখে দেন। প্রায় এক সপ্তাহ এই ওষুধ সেবনের পর শারীরিক অবস্থার অবনতি হলে আল্ট্রাসনোগ্রাম করার মাধ্যমে জানা যায় তাঁর গর্ভের সন্তানটি মারা গেছে।

ঘটনার শিকার শারমিন আক্তার ও তাঁর পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। ডাক্তার না হয়েও কীভাবে অ্যান্টিবায়োটিকের মতো সংবেদনশীল ওষুধ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

যোগাযোগ করা হলে অভিযুক্ত রোকসানা আক্তার প্রেসক্রিপশন লেখার কথা স্বীকার করে দাবি করেন, তাঁর ওষুধ পরামর্শ দেওয়ার অনুমতি রয়েছে।

তবে বিষয়টিকে বেআইনি উল্লেখ করে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, চিকিৎসক ছাড়া অন্য কারও এই ধরণের ওষুধ প্রেসক্রাইব করার কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button