সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ

সাংবাদিকদের ওপর চড়াও হওয়া, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং ফেসবুকে জাতীয় সংগীতকে আপত্তিকরভাবে ব্যবহারের অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে (শামসুন্নাহার স্মৃতি) আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাঁকে আগামী ৭ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এই আইনি নোটিশ পাঠান। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত প্রাঙ্গণে প্রবেশের সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে তাঁর নিরাপত্তারক্ষীরা তাঁদের ওপর চড়াও হন। এ সময় ‘সমকালের’ মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাঁর ভিডিও ট্রাইপড ভেঙে ফেলা হয়। এই ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন সংবাদকর্মী ও এক বিচারপ্রার্থী আহত হন।

পরবর্তীতে আদালত থেকে বের হয়ে পরীমনি শারীরিক প্রতিবন্ধকতার শিকার সাংবাদিক রবিউল হোসাইনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়। নোটিশে এটিকে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর চরম হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া গত ৬ নভেম্বর পরীমনির ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় সংগীতকে মিউজিক হিসেবে ব্যবহার করে একটি অশ্লীল ভিডিও পোস্ট করার অভিযোগ আনা হয়েছে।

নোটিশে আগামী ৭ দিনের মধ্যে আদালত প্রাঙ্গণের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে অশ্লীল কথাবার্তা, হুমকি কিংবা কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়ে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী সময়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

Related Articles

Back to top button