বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই: রুহুল কবির রিজভী


জ্বালানি সংকটের দায় বিএনপি সরকারের নয় দাবি করে বিরোধীদলের ঘোষিত লং মার্চ কর্মসূচিকে অযৌক্তিক ও জনগণের কাছে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা)-এর পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
লং মার্চ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, বিরোধীদলে রাজনৈতিক শূন্যতা ও কৌশলের ঘাটতি তৈরি হয়েছে। কেবল মানুষকে দেখানোর খাতিরেই তারা এই কর্মসূচি দিয়েছে, যার কোনো বাস্তবিক যৌক্তিকতা নেই। জ্বালানি সংকটের ব্যাখ্যায় তিনি জানান, বাংলাদেশ থেকে গ্যাস পাচারের কারণে এই পরিস্থিতি তৈরি হয়নি, বরং আমেরিকা-ইরান যুদ্ধের আন্তর্জাতিক সংকট ও সরবরাহ রুটের কারণে এ সমস্যা তৈরি হয়েছিল। তবে সরকার ইতিমধ্যেই মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির ব্যবস্থা করেছে এবং ঢাকার গ্যাস সরবরাহ এখন অনেকটাই স্থিতিশীল।
সরকারের বৈদেশিক সাফল্য ও দেশীয় নিরাপত্তার চিত্র তুলে ধরে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও জাপান সফর দ্বিপাক্ষিক বাণিজ্য ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের নতুন পথ খুলে দিয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি দাবি করেন, সমাজে অস্থিরতা সৃষ্টিকরী ও কিশোর অপরাধীদের দমনে পুলিশ কার্যকর ভূমিকা পালন করছে। প্রতিদিন ২০০ থেকে ২৫০ জন অপরাধীকে গ্রেপ্তার করা হচ্ছে এবং দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।




