মিরপুরে দিনভর পোশাক শ্রমিকদের আন্দোলন: ভাঙচুর, সংঘর্ষ ও চরম জনভোগান্তি


ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মিরপুর এলাকা। শনিবার সকালে সড়ক অবরোধের পর দুপুরে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে আন্দোলনকারীরা সরে গেলেও মিরপুর-১ নম্বরের মাজার সংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় ব্যাপক ভাঙচুর চালানো হয়।
এ সময় পোশাক কারখানা ও শপিং কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনা ঘটে, যা পরবর্তীতে শ্রমিক ও নিরাপত্তাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
পুলিশ ও স্থানীদের সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টা থেকে ন্যূনতম মজুরির দাবিতে মিরপুর-১০ ও ১১ নম্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে পুরো এলাকা স্তব্ধ হয়ে যায় এবং দেখা দেয় তীব্র যানজট। দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা ১০ নম্বর গোলচত্বর ছেড়ে মিরপুর-১ নম্বরের দিকে চলে যান।
দুপুর ২টা ৫ মিনিটের দিকে শাহ আলী থানাধীন হিমালয় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে আন্দোলনরত প্রায় ১৫০ জন শ্রমিকের সংঘর্ষ বাঁধে। পরবর্তীতে উত্তেজিত শ্রমিকরা ওই পোশাক কারখানা এবং সংলগ্ন বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুর চালান।
আন্দোলনের প্রভাবে দিনভর পুরো মিরপুরে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। দুপুরের পর আন্দোলন স্থগিত করা হলেও সড়কের ওপর তৈরি হওয়া দীর্ঘ যানজটের কারণে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষ ও যাত্রীদের।
এ বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার জানান, “মিরপুর-১০ থেকে সরে গিয়ে একদল শ্রমিক মিরপুর-১ নম্বরের মাজার সংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় ভাঙচুর চালিয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”




