কেন্দুয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি সেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিম

নেত্রকোণার কেন্দুয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে সেকুল ইসলাম খানকে সভাপতি এবং আব্দুল হাই সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কেন্দুয়া প্রেস ক্লাব কার্যালয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠিত হয়।

প্রেস ক্লাব সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের পরিচালনায় সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন— স্থানীয় সংসদ সদস্য ও আজীবন দাতা সদস্য রফিকুল ইসলাম হিলালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপদেষ্টা সানজিদা চৌধুরী, কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঁইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান।

এর আগে প্রথম অধিবেশনে বার্ষিক প্রতিবেদন পেশ করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম। পরে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন, “সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করাসহ তাদের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে। সাংবাদিকদের নির্ভয়ে, নিরপেক্ষভাবে ও দক্ষতার সাথে সাংবাদিকতা করার আহ্বান জানাচ্ছি। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা, আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।”

এ সময় আরও উপস্থিত ছিলেন— প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল ও আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, হারেছ ফকির, বিজয় রজক, লাভলু পাল চৌধুরী, আবু বকর সিদ্দিক, শেখ কামাল, কিশোর কুমার শর্মা, মজিবুর রহমান, হুমায়ুন কবির, মাজহারুল ইসলাম উজ্জ্বল, রুকন উদ্দিন, কোহিনূর আলম, সোহেল আকন্দসহ প্রেস ক্লাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button