স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁস দিলেন পুলিশ সদস্য


গাইবান্ধায় অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবনের ব্যারাক থেকে হাবিবুর রহমান (৩৩) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ব্যারাকে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত হাবিবুর রহমান নীলফামারী সদর উপজেলার সরদারপাড়ার মন্টু মিয়ার ছেলে। তাঁর ৫-৭ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। গত ১২ আগস্ট ঢাকা থেকে বদলি হয়ে গাইবান্ধা পুলিশ সুপারের বাংলোয় গার্ড হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
পুলিশ সূত্র জানায়, বিকেলে ব্যারাকের ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় সন্দেহ হলে সহকর্মীরা ডেকে কোনো সাড়া পাননি। পরে দরজা ধাক্কা দিয়ে ভেতরে তাকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেনের উপস্থিতিতে মরদেহের সুরতহাল করা হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল জানান, দুপুরে হাবিবুর রোজা থাকা অবস্থায় স্ত্রীর সঙ্গে ভিডিও কলে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করছিলেন। ঝগড়ার একপর্যায়ে তিনি ওয়াশরুমে ঢুকে স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁস নেন। ঘটনার বিস্তারিত তদন্ত করছে পুলিশ।




