চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এই বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা এবং দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে ওই দিনের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা-২০২৬ স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, এই দুই জেলায় স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি বা নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র ও কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।



