‘৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে’: নাহিদ ইসলাম

১৯৭২ সালের সংবিধান শুরু থেকেই দেশকে রাজনৈতিক, সামাজিক ও সাম্প্রদায়িক বিভিন্ন পরিচয়ে বিভাজিত করে রেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।


রোববার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এনসিপি আয়োজিত ‘পাহাড়ে জুলাই: সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার ক্ষমতায় এলেও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে পার্বত্য এলাকার কোনো প্রতিনিধি রাখা হয়নি এবং দ্বীপেন দেওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে। জবাবদিহিতা না থাকার কারণেই এমনটা ঘটছে বলে তিনি দাবি করেন।

পাহাড়ে বঞ্চনার অবসান, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেন।

পাহাড়ি নৃগোষ্ঠী এবং বাঙালি—উভয় পক্ষই নানা বঞ্চনার শিকার। এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভাজনের সুযোগ বিদেশি শক্তিগুলো নিচ্ছে বলে তিনি সতর্ক করেন।

পাহাড় ও সমতলে বৈষম্যহীন উন্নয়ন ও সুষম বণ্টন নিশ্চিত করার মাধ্যমে ‘বাংলাদেশি’ পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সেই সাথে জুলাই সনদ বাস্তবায়নে পাহাড় থেকেও সোচ্চার হওয়ার পরামর্শ দেন।

এনসিপি চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের সভাপতিত্বে সভায় দলের রাজনৈতিক পর্ষদের জ্যেষ্ঠ নেতারাও বক্তব্য দেন।

Related Articles

Back to top button