মেমোরি চিপ সংকটে সরবরাহ কমছে ম্যাকবুক এয়ারের


বিশ্বজুড়ে মেমোরি চিপের তীব্র সংকটের প্রভাব পড়েছে অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ ‘ম্যাকবুক এয়ার’-এর ওপর। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত চাহিদার কারণে মেমোরি চিপের সরবরাহ কমে যাওয়ায় বাজারে ডিভাইসটির ঘাটতি দেখা দিয়েছে।
ব্লুমবার্গের প্রযুক্তিবিষয়ক প্রতিবেদক মার্ক গারম্যান জানিয়েছেন, চিপ সংকটের প্রভাব আগে ম্যাক মিনি ও ম্যাক স্টুডিওর মতো কম্পিউটারে দেখা গেলেও এখন তা প্রধান সারির পণ্য ম্যাকবুক এয়ারেও ছড়িয়ে পড়েছে। খুচরা বিক্রেতাদের তথ্যমতে, বাজারে আগের যেকোনো সময়ের চেয়ে এই ল্যাপটপের সরবরাহ অত্যন্ত সীমিত।
এমনকি অ্যাপলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এখন কেনাকাটা করতে গেলে ক্রেতাদের আগস্টের দ্বিতীয় অর্ধাংশ বা সেপ্টেম্বরের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে অ্যাপল মেমোরি চিপের দাম বাড়ানো এবং বিকল্প হিসেবে চীনা সরবরাহকারীদের কাছ থেকে মেমোরি সংগ্রহের চেষ্টা শুরু করেছে। পাশাপাশি জুনে শুরু হওয়া ব্যাক-টু-স্কুল বা শিক্ষার্থীদের বার্ষিক মূল্যছাড় কর্মসূচিটি পিছিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞাপনেও এখন ম্যাকবুক এয়ারের সরবরাহ সীমিত থাকার বিষয়টি উল্লেখ করে তুলনামূলক বেশি ম্যাকবুক প্রো প্রচারের কৌশল নেওয়া হচ্ছে।




