মাদারগঞ্জে সেচ পাম্পের ঘরে মিলল তরুণীর মরদেহ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে রূপসী আক্তার (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রূপসী মাদারগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার সাইরুদ্দিন শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে এক কৃষক রোপা আমন ক্ষেতে সেচ দিতে গিয়ে পাম্পের ঘরের চৌকির ওপর রূপসীর মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশে খবর দেন। পরে বেলা ১১টার দিকে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের মতে, তরুণীর মুখ দিয়ে রক্ত ঝরছিল এবং মরদেহের পাশে মাটিতে একটি ওড়না পড়ে ছিল। রাতের বেলা তাঁকে নির্জন স্থানে এনে হত্যা করা হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। নিহতের বাবা সাইরুদ্দিন শেখ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে তাঁর মেয়ে নিখোঁজ ছিলেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button