নেপালে প্রবল বন্যায় বহুদূরে ভেসে যাচ্ছে মরদেহ, মর্গগুলোতেও জায়গা সংকট


নেপালের ভোটেকোশী নদীতে গত বুধবারের শক্তিশালী আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটিতে এখন পর্যন্ত ৫৪৭টি মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। পানির প্রচণ্ড বেগের কারণে মরদেহগুলো নদীপথ ধরে দূরবর্তী জেলাগুলোতে ভেসে গেছে।
কাঠমান্ডু পোস্ট-এর তথ্যানুযায়ী, রাসুয়া ও নুয়াকোট জেলার নিহতদের দেহ ভাটির অঞ্চল চিতওয়ান, তানাহুন, নাওয়ালপারাসিসহ অন্যান্য এলাকা থেকে উদ্ধার করা হচ্ছে। উদ্ধারকৃত মরদেহের সংখ্যা দ্রত বাড়তে থাকায় স্থানীয় মর্গগুলোতে চরম জায়গাস সংকট দেখা দিয়েছে, যা পরিচয় শনাক্তের প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।
নুয়াকোট, ধাদিং ও নাওয়ালপারাসির মর্গগুলো ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। চিতওয়ানের হাসপাতালের ধারণক্ষমতা ৩০-৫০টি মরদেহের হলেও পরিস্থিতি সামাল দিতে সেখানে প্রায় ২৫০টি মরদেহ রাখার উপযোগী অস্থায়ী মর্গ তৈরি করা হয়েছে। অন্যদিকে, অন্যান্য জেলা থেকে মরদেহ স্থানান্তর করায় পোখরার হাসপাতালের মর্গগুলোও প্রায় ভরে এসেছে।
বৃহস্পতিবার সকাল থেকে চিতাওয়ানে ত্রিশূলি ও নারায়ণি নদীর পার থেকে ১৩৭টি মরদেহ উদ্ধার করা হয় এবং শুক্রবারও নতুন মরদেহ উদ্ধার অব্যাহত রয়েছে। সবচেয়ে বেশি লাশ সেখানে পাওয়ায় স্বজনদের খোঁজে মানুষ এখন চিতাওয়ানে ভিড় করছেন।




